বাস্তুচ্যুতদের অধিকার বিশ্ব দরবারে তুলবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত এবং অভিবাসী হওয়া মানুষের অধিকারের বিষয়টি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে জোরের সঙ্গে তুলে ধরবে বাংলাদেশ। তা ছাড়া ৩০ নভেম্বর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২১-এ যাতে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি হয়, সেই লক্ষ্যেও কাজ করবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতি নিয়ে একটি বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় কোস্ট ট্রাস্ট বাংলাদেশ ও ইক্যুইটি বিডি প্রকাশনা উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্যারিস সম্মেলনে যেন এমন চুক্তি হয় যে সদস্যদেশগুলো তা মানতে বাধ্য হয়। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশগুলোকে সঙ্গে নিয়ে সেই চেষ্টা করতে হবে। কোনো দেশ ওই চুক্তির বরখেলাপ করলে যাতে শাস্তির ব্যবস্থা থাকে, তা নিশ্চিত করতে হবে।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ এই জলবায়ু সম্মেলনের জন্য বেশ ভালোমতোই প্রস্তুতি নিয়েছে। চুক্তিতে যেন জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও অভিবাসিত মানুষের অধিকার নিশ্চিত হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি দেশ অংশ নেবে।
সভাপতির বক্তব্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, শিল্পোন্নত রাষ্ট্রগুলো যদি তাদের কার্বন নিঃসরণের পরিমাণ না কমায়, তাহলে শুধু বাংলাদেশের মতো দেশগুলোই ডুববে না, উন্নত দেশগুলোকেও ডুবতে হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে। কিন্তু কথা ছিল, জলবায়ু তহবিল অনুদান হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, শিল্পোন্নত দেশগুলোর দেওয়া মাত্র ১১০ কোটি ডলারের একটা বড় অংশ আবার ঋণ ও বেসরকারি খাতের বিনিয়োগ হিসেবে দেওয়ার কথা বলা হচ্ছে। সবুজ জলবায়ু তহবিলের (জিসিএফ) পুরোটাই যাতে সহায়তা হিসেবে আসে, সেই দাবি তোলার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্যারিস সম্মেলনের জন্য বাংলাদেশ প্রতিনিধিদলে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে না। এতে বাংলাদেশ দল দুর্বল হয়ে পড়বে।