বাস্তুচ্যুতদের সমস্যা মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে দেশে দুই থেকে চার কোটি মানুষের বাস্তুচ্যুত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এ সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, বাংলাদেশ এ বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক এক বক্তৃতা অনুষ্ঠানে সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ কথা বলেন। গতকাল সোমবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে এ বক্তৃতা অনুষ্ঠান হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) ও আইইউবি যৌথভাবে এ বক্তৃতার আয়োজন করে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত স্যার ডেভিড কিং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিতর্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক মূল বক্তৃতা দেন। অনুষ্ঠানে আইসিসিসিএডির পরিচালক সালিমুল হক এবং আইইউবির উপাচার্য এম ওমর রহমান বক্তৃতা করেন।
ডেভিড কিং তাঁর বক্তৃতায় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন ধরনের সমাধানের কথা উল্লেখ করেন। তাঁর মতে, নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ ও মানবদেহের জন্য সহায়ক হওয়ায় ফসিল জ্বালানির ব্যবহার কমানো উচিত।
পররাষ্ট্রসচিব শহীদুল হক সাম্প্রতিক সমীক্ষার প্রসঙ্গ টেনে বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই মিটার বেড়ে গেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের এক-পঞ্চমাংশ সাগরের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটি ঘটলে দুই থেকে চার কোটি মানুষ তাঁদের বসতি হারাবেন। বাংলাদেশের মতো দেশ জলবায়ু পরিবর্তনে অভিজ্ঞ বলে কীভাবে এর প্রভাব মোকাবিলা করতে হবে, সেটি জানা আছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও গ্রামীণ জনপদে গেলে চোখে পড়বে, কীভাবে মানুষ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকির ফলে সম্ভাব্য বড় ক্ষতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্রসচিব বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক উদ্ভাবনী এতে কীভাবে কাজে আসবে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, এতে (বৈজ্ঞানিক সহযোগিতা) ঝুঁকি মোকাবিলায় সহায়তা হবে। তবে জলবায়ু পরিবর্তনে অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই বাংলাদেশ এ বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে।’
পররাষ্ট্রসচিব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার সঙ্গে অভিযোজনের ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে অতিরিক্ত সম্পদ ও প্রযুক্তি সহায়তা দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
শহীদুল হক বলেন, ‘আমি এ নিশ্চয়তা দিতে পারি, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ কখনোই গ্রিনহাউস গ্যাসের নির্গমনের ন্যূনতম হার অতিক্রম করবে না। জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অঙ্গীকার করেছেন।’