বাস-ট্রাক সংঘর্ষ ও বাসচাপায় দুজনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গত শনিবার রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ বাসযাত্রী।
গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নিহত হয়েছেন এক বৃদ্ধ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈরে নিহত ট্রাকচালকের নাম নিজাম উদ্দিন (৫৫)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. কফিল উদ্দিনের ছেলে।
কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক নিজামের লাশ পাঠানো হয়েছে গাজীপুর সদর হাসপাতালের মর্গে।
নারায়ণগঞ্জে বাসচাপায় নিহত ব্যক্তির নাম রজব আলী (৭০)। তাঁর গ্রামের বাড়ি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের টগলপুরে।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা দুইটার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন রজব। এ সময় একুশে পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।