বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৪
টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ রোববার বিকেলে কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এঁরা হচ্ছেন গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হায়দার আলী (৪০), গাইবান্ধা সদর উপজেলার হায়দার আলী (৪৫) ও ছয় মাস বয়সী শিশু সুমাইয়া। সুমাইয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান। তিনি জানান, গাইবান্ধা থেকে ঢাকাগামী শাওন পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেলা তিনটার দিকে চরভাবলা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ও বাসের চালক পালিয়ে গেছেন।
ওসি আখেরুজ্জামান আরও জানান, আহত ১০ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে শিশু সুমাইয়ার মা রয়েছেন। নিহত চারজনের লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে।