বাস-পিকআপ সংঘর্ষে বাগেরহাটে পাঁচজন নিহত
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী একটি বাস ও মাছের পোনাবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্য চারজনও পিকআপের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপচালক খুলনা নগরের লবণচরার শেখ আনসার আলী (৪০), বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের নীল কমল দাস (৪৫), তাঁর ভাই বলরাম দাস (৩৫), ভাগনে শ্যাম দাস (৩০) ও পানু দাস (৫৫)। দুর্ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
আহত তিনজন হলেন খুলনা শহরের গোবরচাকা এলাকার ইমরান (৩৪), ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের মলয় দাস (৩৫) ও গোপালগঞ্জের তুহিন (৩৬)। তাঁদের সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বাসচালক পালিয়ে গেছেন।