বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই যুবলীগ কর্মী নিহত
ফেনীর দাগনভূঞায় আজ বুধবার বিকেলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহত যুবকেরা হলেন নজরুল ইসলাম জুয়েল (২৫) ও এবাদুল হক (২২)। তাঁরা দাগনভূঞার রাজাপুর জয় নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও যুবলীগ কর্মী।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, আজ বিকেলে নজরুল ও এবাদুল একটি মোটরসাইকেলযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ফেনী-বসুরহাট সড়কের দুধমুখা দক্ষিণ চানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ড্রিম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এবাদুলকে মৃত ঘোষণা করেন এবং অন্যদিকে নজরুলকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ওই হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, নিহত দুজন যুবলীগের কর্মী।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।