বাস-সংকটে দুর্ভোগে কয়েক হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্তসংখ্যক বাস না থাকায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। ভেতরে জায়গা না পেয়ে শিক্ষার্থীদের বাসের দরজায় ঝুলে ও ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম বলেন, ‘শিক্ষার্থীদের পরিবহন-সংকটের বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে স্থায়ীভাবে পরিবহন সংকট দূর করতে কিছুটা সময় লাগবে। আপাতত বাস ভাড়া করার মতো বিকল্প ভাবনা আছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে চারটি অনুষদের অধীন ১৭টি বিভাগে সাড়ে চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রায় ৪৫০ জন ছাত্রের জন্য একটি ও প্রায় সমানসংখ্যক ছাত্রীর জন্য আরেকটি হল আছে। এ কারণে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশে বাড়ি ভাড়া নিয়ে এবং প্রায় আড়াই হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ শহরে থাকছেন। যাঁরা ময়মনসিংহ শহরে থাকেন, বিশেষত তাঁরাই বাসে আসা-যাওয়া করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য মোট আটটি বাস আছে। এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের আর বাকি চারটি ভাড়া করা। ২০১০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছে মাত্র চারটি বাসের চাহিদা দিয়েছিল। সরকার চাহিদামতো চারটি বাস কেনার টাকা বরাদ্দ দেয়। কিন্তু বাস চলাচলের শুরু থেকেই পরিবহন-সংকট দেখা দেয়। ক্রমে তা বেড়েই চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, চারটি বাসের চাহিদা দেওয়াই ছিল অদূরদর্শী পরিকল্পনা। শিক্ষার্থীরা তারই খেসারত দিচ্ছেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, সাড়ে চার হাজার শিক্ষার্থীর জন্য আটটি বাস কোনোভাবেই যথেষ্ট নয়। শিক্ষার্থীরা অনেক সময় বাসে আসন না পেয়ে দাঁড়িয়ে ও দরজায় ঝুলে ঝুঁকি নিয়ে চলাচল করেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ বলেন, সময়মতো ক্লাসে উপস্থিত হতে গিয়ে শিক্ষার্থীরা বাসের উঠতে বাধ্য হন। সিট না পেয়ে অনেকেই বাসের ভেতর গাদাগাদি করে দাঁড়িয়ে আসেন। কখনো বাসের ভেতর জায়গা না পেয়ে দরজায় বাদুড়ঝোলা হয়েও আসতে বাধ্য হন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রী জানান, ছাত্র ও ছাত্রীদের জন্য একই বাস ব্যবহার করার নিয়ম থাকায় গাদাগাদি করে বাসে উঠতে গিয়ে অনেক সময় বিড়ম্বনার সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজুয়ান আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আরও দুটি বাস প্রয়োজন। পরিবহন-সংকটের বিষয়টি কর্তৃপক্ষের মাথায় আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমরা কয়েক দফা সভা করেছি। এক বছরের মধ্যে নতুন বাস কেনা সম্ভব নয়। তবে দ্রুতই আরও কিছু ভাড়া বাস সংযুক্ত করার চেষ্টা চলছে।’