বাস-সংকটের অজুহাতে স্বল্প দূরত্বে ভাড়া বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সোয়া ১০টা। শাহ আমানত সেতুর চট্টগ্রাম নগর প্রান্তের গোলচত্বর। ঈদে ঘরমুখী মানুষের জটলা। ৩০ থেকে ৩৫টি বাস দাঁড়ানো থাকলেও চট্টগ্রাম নগর থেকে স্বল্প দূরত্বের পটিয়া ও আনোয়ারা রুটের কোনো বাস নেই। কয়েকটি বাস বাঁশখালী রুটের যাত্রী তুলছে। অন্যগুলো খালি। প্রায় আধা ঘণ্টা পর পটিয়ার একটি বাস এলে হুড়মুড় করে উঠতে থাকেন যাত্রীরা। চালকের সহকারী চিৎকার করে বলছেন, ‘পরের গাড়ি কখন আসবে ঠিক নাই, ভাড়া কিন্তু ডাবল।’

গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত গোলচত্বরে অবস্থান করে এই দৃশ্য দেখা যায়। শাহ আমানত সেতু থেকে পটিয়ার দূরত্ব ১৮ কিলোমিটার। বাসের নির্ধারিত ভাড়া (বিরতিহীন) ২০ টাকা। কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা। দুপুরের পর এই ভাড়া বেড়ে দাঁড়ায় ১০০ থেকে ১২০ টাকা।

একই অবস্থা আনোয়ারার যাত্রীদেরও। চট্টগ্রাম নগর থেকে ১৮ কিলোমিটার দূরত্বের ভাড়া নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। নির্ধারিত ভাড়া ২০ টাকা। এ ছাড়া সাতকানিয়া-বাঁশখালী রুটের ভাড়াও ২০ থেকে ৪০ টাকা বেড়েছে।

বাড়তি ভাড়া দিয়েই প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের বাড়ির পথ ধরতে হয়েছে। শাহ আমানত সেতুর গোলচত্বর নির্ধারিত কোনো টার্মিনাল না হলেও এখান থেকে পটিয়া, আনোয়ারা, বাঁশখালী সাতকানিয়া ও লোহাগাড়া রুটের গাড়ি ছাড়ে। এ ছাড়া কক্সবাজার ও বান্দরবান রুটের বাস বহদ্দারহাট টার্মিনাল থেকে ছেড়ে এসে গোলচত্বর থেকে যাত্রী তোলে। এখানে রয়েছে এসব বাসের কাউন্টারও। বাসগুলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কে চলাচল করে।

সকাল সাড়ে ১০টায় গোলচত্বরে কথা হয় রশিদুল হাসান নামের এক যুবকের সঙ্গে। নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রশিদুল ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি পটিয়ায় যাবেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘চালকেরা বলছেন গাড়ি নেই। অথচ ভিড় বেশি হলে ঠিকই গাড়ি আসছে।’

পটিয়ার আরেক যাত্রী চাকরিজীবী এস এম রিদওয়ানের অভিযোগ, পটিয়ার বাসগুলো গোলচত্বরের পরিবর্তে অন্য কোথাও রাখা হয়। ২০-২৫ মিনিট পরপর কোত্থেকে একটি বাস আসে। সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেন চালকেরা। একই অভিযোগ করেন পটিয়ার যাত্রী হাবিব উল্লাহ ও নজরুল ইসলামও।

মোহাম্মদ আকাশ নামের এক কিশোর নগরের মাদারবাড়ি এলাকায় রংমিস্ত্রির কাজ করে। গতকাল সকালে বাঁশখালীর যাওয়ার টিকিট করেছে সে। আকাশ বলে, বাঁশখালীর ভাড়া ১০০ টাকা। ঈদ উপলক্ষে ১২০ টাকা করে নিচ্ছে। গোলচত্বর থেকে বাঁশখালীর দূরত্ব ৪৫ কিলোমিটার।

অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে একটি গাড়ির চালকের সহকারী আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, ফিরে আসার সময় যাত্রী পাওয়া যায় না। জ্বালানি খরচ ও সেতুর টোলের টাকার জন্য কিছু টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে।

যাত্রীর চাপ বেশি থাকলে কিছু পরিবহনশ্রমিক সংকট তৈরি করে ভাড়া বাড়িয়ে দেয় বলে স্বীকার করেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা। তাঁর দাবি, ঈদযাত্রা উপলক্ষে পটিয়ার কিছু বাস ‘সিটিং সার্ভিস’ নামে যাত্রীদের সম্মতি নিয়ে চলাচল করছে। সে কারণে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।