বাংলাদেশে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধিকরণ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বক্তারা
বাহক নির্ণয় বাধ্যতামূলক করে আইন করা জরুরি
রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, বাংলাদেশে বিয়ের আগে থ্যালাসেমিয়া-বাহক নির্ণয় বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা জরুরি। থ্যালাসেমিয়া প্রতিরোধে বাহক চিহ্নিত এবং বাহক-বাহক বিয়ে বন্ধ করতে হবে।
সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধিকরণ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এ বৈঠকের আয়োজন করে। আজ ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
গোলটেবিল বৈঠকে বক্তারা ইরান, মালদ্বীপ, তাইওয়ান, ইতালিসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, বিয়ের আগে থ্যালাসেমিয়া-বাহক নির্ণয় বাধ্যতামূলক করার ফলে এসব দেশে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশে আরও আগেই এমন আইন করা প্রয়োজন ছিল। দেশে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসাব্যবস্থা অপ্রতুল এবং অত্যন্ত ব্যয়বহুল।
বক্তারা থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহজলভ্য করা, নিয়মিত বিনা মূল্যে বিশুদ্ধ রক্ত পাওয়ার নিশ্চয়তা, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, সব হাসপাতালে ‘থ্যালাসেমিয়া ডে-কেয়ার সেন্টার’ চালু এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ‘থ্যালাসেমিয়া সাপোর্ট টিম’ গঠন করার দাবি জানান।
থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতা রোগ। যদি বাবা-মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হন, তবেই তাঁদের সন্তানদের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নেওয়ার আশঙ্কা থাকে। কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না, একটি সহজ রক্তপরীক্ষা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমেই তা জানা সম্ভব।
বৈঠকে জানানো হয়, প্রতিবছর দেশে মারাত্মক থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে ১২ থেকে ১৫ হাজার শিশু। দেশে প্রায় দেড় কোটি লোক তাঁদের রক্তে থ্যালাসেমিয়া রোগের জিন বহন করছে।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা। প্রবন্ধে তিনি বলেন, ‘আমরা বাহক কি না, তা অবশ্যই জানা জরুরি। জানা না থাকলে মারাত্মক থ্যালাসেমিয়া নিয়ে আরও অনেক শিশু জন্ম নেবে এবং নিজেদের অজ্ঞাতে বাহকের সংখ্যা বেড়ে চলবে।’ প্রবন্ধে থ্যালাসেমিয়া প্রতিরোধে করণীয় যে বিষয়সমূহ বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো আত্মীয়স্বজনের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করা, স্কুল ও কলেজের পাঠ্যসূচিতে থ্যালাসেমিয়া-সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা এবং বাহক নির্ণয়ের পর্যাপ্ত অবকাঠামো তৈরি করা।
গোলটেবিলে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, বছরের একটি দিনে শুধু এভাবে আলোচনা করে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব নয়। প্রতিরোধের আন্দোলনকে নিয়মিত প্রক্রিয়া হিসেবে এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। তিনি গণমাধ্যমকর্মী, মেডিসিন ক্লাব, থ্যালাসেমিয়া সমিতি ও সুশীল সমাজের অংশগ্রহণে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন। কমিটির কাজ হবে প্রতি মাসে বৈঠক করে থ্যালাসেমিয়া প্রতিরোধের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া।
বৈঠকে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই-মাহবুব, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী, ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এম এ খান প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা, কর্মসূচি: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ফ্যামিলি ফাউন্ডেশন গতকাল পান্থপথের একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, বর্তমানে অত্যাধুনিক আলট্রাসনোগ্রাফির সাহায্যে গর্ভে শিশুর ডিএনএ সংগ্রহ একটি নিরাপদ প্রক্রিয়া। এর মাধ্যমে থ্যালাসেমিয়াসহ যাবতীয় বংশগত রোগ নির্ণয় করা যায়। বাচ্চার থ্যালাসেমিয়া রোগ আছে কি না, তা শতভাগ নিশ্চিত হয়ে বাবা-মা গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।
ফ্যামিলি ফাউন্ডেশনের মহাসচিব শেখ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম কাজল, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট সায়মা আখতার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস (এসটিএ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস গ্রুপের সহযোগিতায় গতকাল থেকে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে রয়েছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, থ্যালাসেমিয়া বাহক নির্ণয়, রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া তথ্যনির্ভর প্রতিযোগিতামূলক খেলাধুলা। থ্যালাসেমিয়া-বিষয়ক সেমিনারের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক সালমা আফরোজ, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুর রহিম ও এসটিএর চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম।