বাহরাইনে অগ্নিদগ্ধ তিনজনের লাশ নিজ গ্রামে দাফন
বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির লাশ গত শনিবার গভীর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভেঙে পড়েন। গ্রামে নেমে আসে শোকের ছায়া। গতকাল রোববার দুপুরে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ফ্লাইট নং ইকে-৮৩৬) লাশ তিনটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ১০টায় পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছেন রাত দেড়টায়। গতকাল ভোর থেকে আশপাশের গ্রামের লোকজন মৃতদেহ দেখার জন্য ভিড় করেন। গত ২৮ ফেব্রুয়ারি ভোর রাতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশি মারা যান।
তাঁরা হলেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩০), উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবু জালাল (৩০) ও একই গ্রামের নাজিম মিয়ার ছেলে মোশাররফ হোসেন (৩২)। আবু জালালের পরিবারের সব সদস্যই কাঁদতে থাকেন। দাদন নিয়ে বিদেশ পাড়ি দিলেও এখনো জালালের পরিবার সেই টাকা শোধ করতে পারেনি।