বাহরাইনে বাংলাদেশিসহ অবৈধ বাসিন্দাদের ছয় মাসের মধ্যে নিজ নিজ দেশে ফেরার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে স্বদেশে ফিরলে তাঁদের কোনো শাস্তি পেতে হবে না। ঘোষিত ছয় মাসের প্রথম দিন গত বুধবার শত শত অবৈধ অভিবাসী নিজ নিজ দূতাবাসে ভিড় করেন। খবর ট্রেড অ্যারাবিয়ার।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে অন্তত ৬১ হাজার অবৈধ প্রবাসী রয়েছেন। এর অর্ধেকের বেশিই বাংলাদেশি শ্রমিক। তাঁরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে জোর চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরতে দূতাবাস যথাযথ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ ইসলাম বলেছেন, ‘সাধারণ ক্ষমার আওতায় যাঁরা বাহরাইন ত্যাগ করতে চান, তাঁদের সহযোগিতা দিতে আমাদের কর্মীদের অতিরিক্ত সময় ধরে কাজ করার নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, বাহরাইনে অন্তত ৩৬ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিংবা চাকরিদাতাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের দূতাবাসের অবৈধ শ্রমিকেরাও নিজ নিজ দূতাবাসে ভিড় করছেন।
সাধারণ ক্ষমার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা তাঁদের মালিকদের সঙ্গে নতুন চুক্তি করে বৈধভাবে থাকার কাগজপত্র তৈরি করার সুযোগ পাবেন। পাশাপাশি এই সময়ের মধ্যে যাঁরা নিজ নিজ দেশে ফিরবেন, তাঁরা পরে নতুন করে চাকরির বৈধ কাগজপত্র করতে পারলে আবারও বাহরাইনে যাওয়ার সুযোগ পাবেন।