বাহরাইনে তিন বাংলাদেশির মৃত্যু
বাহরাইনের রাজধানী মানামায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন। গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মোশাররফ হোসেন ও আবু জালাল। নিহত তৃতীয় ব্যক্তির নাম এখনো জানা যায়নি। আহত ব্যক্তিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে এই আগুন লাগে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়। ওই ভবনে ৫০-৬০ জন বাংলাদেশি অবস্থান করছেন। জানা গেছে, ঘটনার পরই বাংলাদেশের রাষ্ট্রদূত আলী আকবর ঘটনাস্থলে ছুটে যান। আগুনের ঘটনায় বেঁচে যাওয়া লোকজনের খোঁজখবর জানতে তিনি স্থানীয় থানা ও মানামা আলমানিয়া মেডিকেল সেন্টার হাসপাতাল পরিদর্শন করেন। গত বছরের জানুয়ারিতে মানামার ওই একই এলাকায় আরেক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ বাংলাদেশির মৃত্যু হয়।