বাহরাইনে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের একটি কংক্রিট তৈরির কারখানায় দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মহিদুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গতকাল শুক্রবার প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বাহরাইনের হিদ শিল্প এলাকার আল কোবায়সি কোম্পানিতে গতকাল বৃহস্পতিবার কাজ করছিলেন বাংলাদেশি শ্রমিক ইউনুস মিয়া (৩৭) ও বিল্লাল হোসেন (৩২)। এ সময় সেখানে থাকা একটি ক্রেন কংক্রিটের একটি দেয়ালে আঘাত করলে তা ভেঙে পড়ে শ্রমিকদের মৃত্যু হয়।
নিহত দুই শ্রমিকের মরদেহ স্থানীয় সালমানিয়া হাসপাতালে রাখা আছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
বাহরাইনের শ্রম মন্ত্রণালয় এই দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করেছে। দেশটির শ্রমমন্ত্রী জামিল হুমাইদান এবং সরকারি আইন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বলে বাহরাইনের দৈনিক গালফ নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
শ্রমমন্ত্রী হুমাইদান বলেন, ‘এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে একটি বিশেষ প্রতিবেদন দেওয়া হবে। সেখানে দুর্ঘটনার কারণ এবং দুর্ঘটনার ধরন নিয়ে বিশদ বিবরণ থাকবে। এর পাশাপাশি কোনো ত্রুটি থাকলে বা কেউ এর সঙ্গে জড়িত থাকলে তা-ও এই প্রতিবেদনে উল্লেখ থাকবে।’