বাহরাইনে নিহত বাংলাদেশিদের লাশ আসবে ২২ জানুয়ারি
বাহরাইনে আগুনে পুড়ে নিহত ১৩ জন বাংলাদেশির লাশ ২২ জানুয়ারি মঙ্গলবার দেশে আসবে। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে লাশগুলো ঢাকায় আনা হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শুক্রবার এ তথ্য জানান। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো গ্রহণ করে নিহত ব্যক্তিদের পরিবারকে বুঝিয়ে দেবেন।প্রবাসীকল্যাণমন্ত্রী এর আগে জানিয়েছেন, লাশ দাফনের জন্য বিমানবন্দরে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে সরকার।বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় ১১ জানুয়ারি আগুনে পুড়ে ওই ১৩ বাংলাদেশি মারা যান। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহিদুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, লাশগুলো বর্তমানে বাদশা হামাদ বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনের ভিসাই বৈধ ছিল।