বাহরাইনে নিহত ৩ জনের বাড়ি বুড়িচংয়ে
বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩০), ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবু জালাল (৩০) ও একই গ্রামের নাজিম মিয়ার ছেলে মোশাররফ হোসেন (৩২)। গত শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। এ খবর বুড়িচংয়ের গ্রামের বাড়িতে এলে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে আসে। দরিদ্র এসব পরিবারের সদস্যরা দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন। নিহত মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম বলেন, ছয় বছর আগে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যান মোশাররফ। তাঁর তিন ছেলে রয়েছে। দুলাল মিয়ার স্ত্রী আকলিমা আক্তার জানান, এক বছর আগে তাঁর স্বামী বাহরাইন গিয়েছেন। তাঁর একটি ছেলে রয়েছে। সেখানে তিনি রংমিস্ত্রির কাজ করতেন। গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বলে বাড়িতে ফোন করে জানিয়েছিলেন। অন্যদিকে আবু জালাল ২০১২ সালের নভেম্বর মাসে পাঁচ লাখ টাকা দাদন নিয়ে বাহরাইনে যান।
সুনামগঞ্জে এরশাদের সামনে হাতাহাতি দলের কর্মীদের
সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ সার্কিট হাউসে গতকাল শনিবার জাতীয় পার্টির (জাপা-এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদের সামনেই হাতাহাতিতে জড়িয়েছেন দলের কর্মীরা। এ সময় পুলিশ এক নেতাকে আটক করে।
দলীয় সূত্রে জানা গেছে, এরশাদ একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল সুনামগঞ্জে যান। বিকেলে তিনি স্থানীয় সার্কিট হাউসে অবস্থান করছিলেন। এ সময়
দলীয় কর্মীদের দুটি পক্ষ সেখানে গিয়ে স্লোগান শুরু করেন। একপর্যায়ে এ স্লোগান দেওয়া নিয়ে এরশাদের সামনে হাতাহাতিতে জড়ান তাঁরা। এ সময় জেলা জাপার প্রচার সম্পাদক গোলাম হোসেনকে আটক করে পুলিশ। মুচলেকা দিয়ে পরে তিনি ছাড়া পান।
জেলা যুব সংহতির সভাপতি আলী খুশনুর অভিযোগ করে বলেন, ‘গোলাম হোসেন দলের নিরীহ কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করায় কর্মীরা তাঁকে পুলিশে দিয়েছেন।’
জেলা জাপার সভাপতি আবদুল মজিদ বলেন, ‘এক পক্ষ আমার নামে এবং অন্য পক্ষ সাংসদ পীর মিসবাহর নামে স্লোগান দিচ্ছিল। পরে এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’