বাহরাইনে নিহত ৩ বাংলাদেশির লাশ আসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাওয়া তিন বাংলাদেশির লাশ আগামীকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে। এ ছাড়া লিবিয়ায় বন্দুকযুদ্ধে নিহত দুই বাংলাদেশির লাশ আগামী রোববার ঢাকায় আসবে।

গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনের রাজধানী মানামায় একটি বাড়িতে আগুন লাগলে দম বন্ধ হয়ে তিন বাংলাদেশি মারা যান। তাঁরা হলেন মোশাররফ হোসেন, জালাল ও দুলাল। তিনজনের বাড়িই কুমিল্লার বুড়িচংয়ে।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মহিদুল ইসলাম জানিয়েছেন, এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বাহারাইন থেকে দুবাই হয়ে ওই তিন বাংলাদেশির লাশ ঢাকায় এসে পৌঁছাবে।

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি লিবিয়ার বেনগাজীতে কাজ থেকে ফেরার পথে বন্দুকযুদ্ধে পড়ে দুই বাংলাদেশি মারা যান। তাঁরা হলেন বরগুনার আবুল কালাম ও পিরোজপুরের শফিকুর রহমান।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী আজ শুক্রবার রাতে প্রথম আলোকে জানান, তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দুই বাংলাদেশির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। রোববার ভোর সাড়ে পাঁচটায় ওই মরদেহ  দুটি ঢাকায় পৌঁছাবে।