বাহরাইনে নিহতদের পরিবার দুই লাখ করে টাকা পাবে
বাহরাইনে নিহত ১০ বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। এ ছাড়া বাহরাইনে তাঁরা যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানি থেকেও ক্ষতিপূরণ আদায় করা হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।মন্ত্রী বলেন, ‘তাঁদের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। নিহত শ্রমিকদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু বাহরাইনে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই। তাই গালফ এয়ারের বিমানে শ্রমিকদের লাশ আনার চেষ্টা চলছে।’একসঙ্গে অনেক প্রবাসী গাদাগাদি থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাহারাইন প্রবাসীরা। পৃথিবীর প্রায় সব দেশেই প্রবাসী শ্রমিকেরা এভাবে থাকেন। এ ছাড়া স্বাস্থ্যসম্মত খাবারও পান না তাঁরা। ফলে প্রায়ই প্রবাসী শ্রমিকদের মৃত্যুর খবর আসে। গত তিন বছরে এভাবে আট হাজার শ্রমিকের লাশ এসেছে।এসব সমস্যা সমাধানে সরকার কী চিন্তা করছে জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, বিদেশে যেতে একজন শ্রমিককে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা। কিন্তু এখন দুই থেকে তিন লাখ টাকা খরচ হচ্ছে। অতিরিক্ত ওই টাকা উসুল করতে গিয়েই শ্রমিকেরা গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন।মন্ত্রী বলেন, ‘অভিবাসন খরচ কমাতে তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। এ কারণে এখন সরকারিভাবে লোক পাঠানোর চিন্তা চলছে।