বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই বাংলাদেশি শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারা গেছেন। তাঁদের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
নিহত দুজন হলেন পূর্ব শিলুয়া গ্রামের রিয়াজ উদ্দিন (৩৭) ও উত্তর সাগরনাল গ্রামের সজ্জাদ আলী (২৭)। আহত ব্যক্তিরা হলেন নিহত সজ্জাদের বড় ভাই আবদুন নূর (৩৮), একই গ্রামের শামীম আহমদ (৩০) ও বিরইনতলা গ্রামের সজল মিয়া (৩০)।
পরিবার সূত্র জানায়, বাহরাইনের আহমদ শহরের ভুরি এলাকার একটি বাসায় হতাহত ব্যক্তিরা থাকতেন। তাঁরা সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। গত শনিবার সকালে বাসার চুলায় চা তৈরি করার সময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
রিয়াজের স্ত্রী রুমানা বেগম বলেন, মঙ্গলবার রাতে বাহরাইনে থাকা আত্মীয়ের কাছ থেকে মুঠোফোনে স্বামীর মৃত্যুসংবাদ পান। রিয়াজ সাত-আট বছর ধরে বাহরাইনে থাকতেন। তাঁর পাঠানো টাকা দিয়ে সংসার চলত।
সজ্জাদের স্ত্রী ফারহানা বেগম বলেন, মিশকাতুর নামের তাঁর সাত মাস বয়সী ছেলে আছে। ছেলেকে দেখতে সজ্জাদের ছুটি নিয়ে দেশে ফেরার কথা ছিল।
উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী বলেন, রিয়াজ ও সজ্জাদের মৃত্যুর বিষয়টি উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে।