বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণ : দু্ই বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই বাংলাদেশি শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা গেছেন। তা ছাড়া এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। বাহরাইন থেকে এক আত্মীয় বাংলাদেশে ফোন করে দুজনের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানান।

পারিবারিক সূত্রে নিহত ব্যক্তিদের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের রিয়াজ উদ্দিন ওরফে মাসুক (৩৭) ও সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামের সজ্জাদ আলী (২৭)। আহত ব্যক্তিরা হলেন নিহত সজ্জাদের বড় ভাই আবদুন নূর, উত্তর সাগরনালের শামীম আহমদ (৩০) ও ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের সজল মিয়া (৩০)।

নিহত দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বাহরাইনের আহমদ শহরের ভুরি এলাকার একটি বাসায় হতাহত ব্যক্তিরা থাকতেন। তাঁরা সেখানকার একটি নির্মাতা প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতেন। ৬ আগস্ট সকালের দিকে বাসার চুলায় চা তৈরির সময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ওই ব্যক্তিরা গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় সালমানিয়া হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মঙ্গলবার সকালে ও সজ্জাদ বিকেলে মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার দুপুরে রিয়াজের বাড়িতে গিয়ে জানা যায়, স্বামীর ছবি বুকে জড়িয়ে ধরে তাঁর স্ত্রী রুমানা বেগম বিলাপ করছেন। সন্তানেরা কান্না করছে। রুমানা বলেন, গতকাল রাতে বাহরাইনে থাকা এক আত্মীয়ের কাছ থেকে মুঠোফোনে স্বামীর মৃত্যুসংবাদ পান। রিয়াজ সাত-আট বছর ধরে বাহরাইনে থাকতেন। তাঁর পাঠানো টাকা দিয়ে তাদের সংসার চলত। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।

আর সজ্জাদ দেড় বছর আগে দেশে এসে বিয়ে করে চলে যান। মিশকাতুর নামে সাত মাস বয়সী এক ছেলে আছে তাঁদের। স্ত্রী ফারহানা কেঁদে কেঁদে বলেন, ছেলেকে দেখতে সজ্জাদের ছুটি নিয়ে দেশে ফেরার কথা ছিল।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, রিয়াজ ও সজ্জাদের মৃত্যুর বিষয়টি উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।