বাহা উৎসবে মাতোয়ারা দিনাজপুরের সাঁওতালপল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির অপরূপ সাজে ব্যাকুল হয়ে ওঠে মানুষের হৃদয়। গাছে গাছে নতুন ফুলের সমারোহ, শিমুল, জারুল, পলাশ, চম্পা প্রকৃতিতে জাগায় প্রাণের হিল্লোল। এ সময় ক্ষুদ্র জাতিসত্তা সাঁওতালরা তাঁদের চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সম্ভার ‘বাহা উৎসবের’ মধ্য দিয়ে ঋতুরাজকে বরণ করে নেয়।

‘বাহা’ শব্দের অর্থ ফুল। ফুলের জন্য, ফুলকে ভালোবেসে এমন উৎসব আর এই বসন্ত ঋতু ছাড়া আর কখন হতে পারে? তাই সাঁওতালপল্লি মাতে ফুলের উৎসবে। আজ শনিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামের সাঁওতালরাও এমনিভাবে মেতেছিল বাহা উৎসবে।
সাঁওতাল তরুণীদের পরনে রিঙ্গণ ছাপা শাড়ি। কোমরে রুপার বিছা। খোঁপায় লাল ফুল। তির-ধনুক, বাংলা ঢোল আর মাদলের সঙ্গে আনন্দে নাচেগানে সবাই যেন মেতেছিল প্রাণের কলরবে।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রথম আলোকে বলেন, বসন্তের বাহা উৎসবকে কেন্দ্র করে দিনাজপুরে সাঁওতাল গ্রামে গ্রামে চলে আনন্দ উৎসব। বাড়ি বাড়ি তৈরি হয় হাঁড়িয়া। হাঁড়িয়া খেয়ে আনন্দে বিভোর হয়ে মাদলের তালে তালে গাইতে থাকে, নাচতে থাকে।
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গণেশ সরেন প্রথম আলোকে বলেন, নববর্ষ হিসেবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করে সমতলে বসবাসকারী আদিবাসী-সাঁওতালরা। উত্তরাঞ্চলে সমতলে বসবাসকারী আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে উড়াও, মুন্ডা, মালো, মাহাতো, মালপাহাড়ি, রাজওয়ারসীসহ ৩৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এই বাহা উৎসব পালন করে থাকে। তিনি বলেন, বাহা পরবের মূল কথা হচ্ছে এই পরব না করা পর্যন্ত সাঁওতাল মেয়েরা সারজম বাহা (শাল ফুল), ইচাক বাহা, মুরুপ বাহা এগুলো খোঁপায় দিতে পারে না। এই পরবের মধ্য দিয়েই নতুন বছরের ফুল, ফল, পাতাকে সাঁওতাল আদিবাসীরা ব্যবহার করতে শুরু করে।
২৩ ও ২৪ মার্চ জাতীয় আদিবাসী পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাহা উৎসব উদ্‌যাপন কমিটি এবং আদিবাসী সাংস্কৃতিক পরিষদের আয়োজনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাঁওতাল-অধ্যুষিত বারকোনা ফুটবল মাঠে দুই দিনব্যাপী ‘বাহা উৎসব ১৪২৩’ উদ্‌যাপন করা হয়।
দিনভর ধর্মীয় পূজা-অর্চনা ও ভারতের জনপ্রিয় সাঁওতাল ও বাউল লোকসংগীতশিল্পী রথীন কিস্কুর গান দিয়ে মনোমুগ্ধকর অনুষ্ঠান শুরু হয়। দুই দিনব্যাপী বাহা উৎসবে উত্তারঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক সাঁওতাল নারী-পুরুষ ও শিশুদের আগমনে বারকোনা ফুঠবল মাঠ মিলনমেলায় পরিণত হয়।