বাহাউদ্দিনের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৬ (আদর্শ-সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের পক্ষে গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেছেন আইনজীবীরা। সকাল ১০টায় নগরের আদালতপাড়া থেকে ওই গণসংযোগ শুরু হয়।
বেশ কয়েকজন আইনজীবী নগরের স্টেডিয়াম এলাকা, কান্দিরপাড়, বাদুরতলা, ঝাউতলা, পুলিশলাইন, বাগিচাগাঁও, রেইসকোর্স, বাদশা মিয়ার বাজার, শাসনগাছা ও কুমিল্লা রেলস্টেশনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন। তাঁরা বাহাউদ্দিনের পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার প্রবীণ আইনজীবী ও শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মমিন ও কুমিল্লার সহকারী আইন কর্মকর্তা। তাঁদের সঙ্গে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্যরাও ছিলেন। জানতে চাইলে শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী বলেন, ‘জামায়াত-শিবিরের নৃশংসতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য আমরা মাঠে নেমেছি। জনগণ কুমিল্লার গণমানুষের নেতা বাহাউদ্দিনের পক্ষে রয়েছেন। গত পাঁচ বছর তিনি নগরবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের হাত থেকে রক্ষা করেছেন। যেখানে গেছি, সেখানেই তাঁর পক্ষে সাড়া পেয়েছি।’