বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার সংকল্প নিয়ে ‘বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি’ গঠন করেছে দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক ও বেশ কিছু সংগঠন। দাবি আদায়ে এক সপ্তাহের মধ্যে সামগ্রিক কর্মসূচি গ্রহণ করবে কমিটি।গতকাল সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই জাতীয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে মহাজোটকে ক্ষমতায় আনার মূল কারণ।কামাল লোহানী বলেন, দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীকে বেআইনি ঘোষণা ও তা বাতিল করে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার বিষয়ে রায় দিয়েছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এমন অবস্থায়ও সরকার সংবিধান সংশোধনের বিষয়ে সহজ পথে না গিয়ে নানা ধূম্রজাল সৃষ্টি করছে। সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের একেকজনের একেক রকম বক্তব্য গোটা জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। এ অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।জাতীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও ডা. মুশতাক হোসেন। অধ্যাপক বদিউর রহমানকে করা হয়েছে সদস্যসচিব।এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ জাদুঘর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ ৯৫টি সংগঠন।