বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রবর্তন, ধর্মের নামে রাজনীতি বন্ধ করা, গণতন্ত্র নস্যাতের চক্রান্ত প্রতিহত ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরামসহ ১১৩টি সংগঠনের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন পালিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার নূর মোহাম্মদ, ঘাতক দালাল নির্মূল কমিটির মশিউর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের বিশ্বজিৎ গাঙ্গুলী, মহিলা আওয়ামী লীগের আইভী মাসুদ, লালন পরিষদের সালামত হোসেন খান, সিপিবির রফিকুজ্জামান, মহিলা পরিষদের খাদিজা বেগম, ফরিদপুর প্রেসক্লাবের লায়েকুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, চার মূলনীতিসহ বাহাত্তরের সংবিধানে ফিরে না গেলে ও যুদ্ধাপরাধীদের বিচার করা না হলে বাংলাদেশ ও বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।মাদারীপুর: স্বাধীনতা অঙ্গনে ২৭টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে। এতে বক্তৃতা করেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাহজাহান হাওলাদার, উদীচী জেলা শাখার সভাপতি খান মো. শহীদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দু চক্রবর্তী প্রমুখ।নড়াইল: সকালে শহরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। এ সময় বক্তৃতা করেন সদর উপজেলার চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির, এস এ মতি প্রমুখ।