বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রবর্তন, ধর্মের নামে রাজনীতি বন্ধ করা, গণতন্ত্র নস্যাতের চক্রান্ত প্রতিহত এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: মানববন্ধনে ১১৬টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সাহেববাজার এলাকায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী ও মহানগর কমিটি এই কর্মসূচির আয়োজন করে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাফিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহানগর সিপিবির সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায় প্রমুখ। কুড়িগ্রাম: মুক্তিযুদ্ধের চেতনার ধারক সংগঠনগুলোর উদ্যোগে সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ পালিত হয়। সমাবেশে বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি জ্যোতি আহমদ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা চক্রবর্তী, জাসদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ, আনছার আলী প্রমুখ। নীলফামারী: উপরিউক্ত দাবিগুলো ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নীলফামারী জেলা শাখা। বেলা ১১টার দিকে মিছিলটি শহরের কালীবাড়ি মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে মানববন্ধন করে। পঞ্চগড়: স্থানীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এস এম লিয়াকত আলী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।