বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে কর্মসূচি ঘোষণা আজ
সংবিধান সংশোধনের প্রস্তাব থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করার দাবিতে যৌথ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বাম প্রগতিশীল ও মহাজোটের শরিক কয়েকটি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে এ বিষয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বাম ও প্রগতিশীল দলগুলোর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও (জেএসএস) এই সভায় অংশ নিচ্ছে। আজকের সভা শেষেই যৌথ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন আজকের যৌথ সভার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে বাম প্রগতিশীল ও মহাজোটের শরিক কয়েকটি রাজনৈতিক দল এ সভা করবে। সিপিবি সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে সরকার উত্থাপিত সংবিধান সংশোধনী প্রস্তাবে রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম বহাল রাখছে, যা রাষ্ট্রীয় চার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। তাছাড়া আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে তাদের উপজাতি বলার বিধান করা হচ্ছে। এত দিন দেশের প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনগুলো সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে। এখন এসব দল ও সংগঠনকে এক মঞ্চে নিয়ে এসে যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এসব দল যৌথ কর্মসূচি ঘোষণা করলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কিংবা সেক্টর কমান্ডারস ফোরামের মতো অনেক ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সংগঠন এর সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারে বলে তাদের ধারণা।