বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনার আশা গওহর রিজভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
গতকাল শনিবার রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সোসাইটির অষ্টম মাসিক সাধারণ সভা উপলক্ষে ‘বাংলাদেশে উচ্চশিক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনার চেষ্টার কথা উল্লেখ করে গওহর রিজভী বলেন, বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনতে কিছু বাকি আছে।
মুক্তিযুদ্ধের আদর্শ ও মূলনীতি নিয়ে বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন গওহর রিজভী। পত্রিকায় সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার খবর হওয়ার কথা উল্লেখ করে গওহর রিজভী জানান, তাতে তাঁর মন খুব খারাপ হয়।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শুধু মুখে বললে হবে না, চর্চা করতে হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে।
মুক্তিযুদ্ধ বিষয়ে নতুন প্রজন্মের অজ্ঞতার কথা উল্লেখ আবদুল মান্নান বলেন, বিসিএসের ভাইভায় এক প্রার্থীকে সাত বীরশ্রেষ্ঠের নাম বলতে বললে উত্তর দিতে থাকেন খালেদা জিয়া, শেখ হাসিনা, জিয়াউর রহমান...।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণের অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ জুলাই জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলা হয়েছে। এর বিচার করা উচিত। ঠিকমতো পড়ানো হলে এত বড় ধৃষ্টতা দেখানো হতো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার বজলুল হক দেশের উন্নয়ন ও সরকারের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। তবে তিনি মনে করেন, আজকে দেশে বড় সমস্যা হলো সুশাসনের অভাব ও ব্যাপক দুর্নীতি।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সহসভাপতি মাহফুজা খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম গোলাম রব্বানী প্রমুখ।