বাহাত্তরের সংবিধানে অবশ্যই আমরা ফিরে যাব: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাহাত্তরের সংবিধানে অবশ্যই আমরা ফিরে যাব।’
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ওরা অপেক্ষা করবে না। এবার ওরা টুকিয়ে টুকিয়ে মারবে।’
আনিসুল হক বলেন, ‘সংবিধানে মানবাধিকার বিষয়ে বলা আছে, একজনকে তাঁর আইনজীবী দিতে হবে। কিন্তু মানবাধিকার কার জন্য? এই মানবাধিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য। যাঁরা বাংলাদেশে বিশ্বাস করেন না, তাঁদের জন্য কোনো মানবাধিকার নেই।’ তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, আমার আইনজীবী ভাইদের কাছে। আপনারা জঙ্গিদের জন্য কালো কোট পরে আদালতে দাঁড়াবেন না। তার কারণ হচ্ছে, আমরা যারা কালো কোট পরি, তাদের জনগণ ধিক্কার দেবে।’
সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘১৯৭৫ সালের পর যারা দেশ শাসন করেছে, তাদের বাঙালি বলা যাবে না। একাত্তরে যে সংস্কৃতিতে উজ্জীবিত হয়েছিলাম, তার বিপরীতমুখী ছিলেন মোশতাক ও জিয়া।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রমুখ।