বাহাত্তরের সংবিধানে ফিরব: আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাহাত্তরের সংবিধানে অবশ্যই আমরা ফিরে যাব।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজধানীর একটি অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
আজ ষোড়শ সংশোধনী অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশিত হয়। রায় প্রকাশের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, ‘তিনি বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবেন না।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ওরা অপেক্ষা করবে না। এবার ওরা টুকিয়ে টুকিয়ে মারবে।’
আনিসুল হক বলেন, ‘সংবিধানে মানবাধিকার বিষয়ে বলা আছে, একজনকে তাঁর আইনজীবী দিতে হবে। কিন্তু মানবাধিকার কার জন্য। এই মানবাধিকার হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের জন্য। যাঁরা বাংলাদেশে বিশ্বাস করেন না, তাদের জন্য কোনো মানবাধিকার নেই।’ তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, আমার আইনজীবী ভাইদের কাছে। আপনারা জঙ্গিদের জন্য কালো কোট পরে আদালতে দাঁড়াবেন না। তার কারণ হচ্ছে, আমরা যারা কালো কোট পরি, তাদের জনগণ ধিক্কার দেবে।’
বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু এত বড়মাপের একজন নেতা ছিলেন যে তাঁকে কোনোভাবে বর্ণনা দেওয়া অন্ধের হাতি দেখার মতো।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যার করার চেয়ে তাঁর আদর্শকে শেষ করার চেষ্টা করেছে। তারা ভেবেছে, বঙ্গবন্ধু যে আদর্শে আমাদের উজ্জীবিত করেছেন, তাঁকে শেষ করার পর সেই আদর্শটা শেষ হয়ে যাবে। তারা অনেকটা সার্থক হয়েছিল। ৭৫ সালের পর যারা দেশ শাসন করেছে, তাদের বাঙালি বলা যাবে না। একাত্তরে যে সংস্কৃতিতে উজ্জীবিত হয়েছিলাম, তার বিপরীতমুখী ছিলেন মোশতাক ও জিয়া।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।