বাহাত্তরের সংবিধানের আলোকে ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল দাবি
১৯৭২ সালের সংবিধান অনুসারে ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি দাবি করেন, দেশে এখন সাংবিধানিক শূন্যতা চলছে। খসড়া, মুদ্রিত, নাকি বাহাত্তরের সংবিধান—কোনটি অনুসরণ করা হবে, তা কেউ জানে না। দেশের সর্বোচ্চ আইন সংবিধান এখন জগাখিচুড়ি অবস্থায় আছে।খন্দকার মাহবুব হোসেন বলেন, পঞ্চম সংশোধনী-সংক্রান্ত রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করার কথা বলা হচ্ছে। কিন্তু মুদ্রিত সংবিধানে আপিল বিভাগের রায়কে অবজ্ঞা করা হয়েছে। ওই রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে।এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নাল আবদিন, সমিতির সহসম্পাদক মোরশেদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, পুনর্মুদ্রিত সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান না থাকায় বিচার বিভাগ প্রশাসনের অধীনে ফিরে গেছে। এতে করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার যে অর্জন, তা ধূলিসাৎ হয়ে গেছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন ও শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শের বিধান ছিল। মুদ্রিত সংবিধানে এখন তা নেই। পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ও মাসদার হোসেন মামলার প্রসঙ্গ টেনে খন্দকার মাহবুব হোসেন বলেন, আপিল বিভাগের রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে ১৯৭২ সংবিধান অনুসারে জাতীয় সংসদকে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু এটা অবজ্ঞা করা হয়েছে। তবে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পদোন্নতি ও বদলি-সংক্রান্ত বিষয়গুলো মতামতের জন্য পাঠানো হচ্ছে। সংবিধানের ওই অনুচ্ছেদ পরিবর্তন করায় সুপ্রিম কোর্টের পক্ষে ওই সব বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। অধস্তন বিচারকদের পদায়ন, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো কার্যকর হচ্ছে না। এ নিয়ে স্থবিরতা দেখা দিয়েছে। মাসদার হোসেন মামলায় বিচার বিভাগ প্রশাসন থেকে মুক্ত হয়েছিল। কিন্তু ১১৬ অনুচ্ছেদটি এখন পরিবর্তনের ফলে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে। অধস্তন আদালতের বিচারকেরা যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারেন, সে জন্য ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে।খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা না থাকলে ন্যায়বিচার নিশ্চিত হবে না। তাই সংবিধানকে অস্বচ্ছতার ঊর্ধ্বে রাখতে হবে।প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি পুনর্মুদ্রিত সংবিধান প্রকাশ করা হয়। ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুর) ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। এরপর সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা বিচার বিভাগ থেকে নিয়ে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। তবে পঞ্চম সংশোধনীর (আদালতের রায়ে অবৈধ ঘোষিত) মাধ্যমে এ ক্ষেত্রে কিছুটা ভারসাম্য এনে নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে ১১৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা সংক্রান্ত পঞ্চম সংশোধনীর অংশটুকু নেই। আদালত অনুচ্ছেদটিকে ১৯৭২-এর আদলে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে দায়িত্বটি সংসদের ওপর ছেড়ে দিয়েছিলেন।