বাহাত্তরের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি খন্দকার মাহবুবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ পৃথক্করণের বিষয়টি কার্যকর করতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল বুধবার দুপুরে সমিতির সভাপতি কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। খন্দকার মাহবুব বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। এটি ইতিবাচক। তিনি অভিযোগ করে বলেন, এখনো বিচারকদের গলায় প্রশাসনের রশিটা রয়ে গেছে। কারণ, অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এখনো প্রশাসনের আওতায় আছে। আর এগুলো হচ্ছে রাজনৈতিক বিবেচনায়।খন্দকার মাহবুব আরও বলেন, ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী আগে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ছিল সুপ্রিম কোর্টের হাতে। পরে ওই অনুচ্ছেদ সংশোধন করে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতির কর্তৃত্ব নির্বাহী বিভাগের হাতে রাখা হয়। ওই অনুচ্ছেদটি পুনর্বহাল হলে নিম্ন আদালতের বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা ও সহসম্পাদক মোরশেদ আল মামুন উপস্থিত ছিলেন।