বাহাদুর শাহ পার্কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহ্যময় ও প্রাচীন বাহাদুর শাহ পার্কটির চারপাশে অবৈধ স্থাপনা আর দোকানের সংখ্যা বেড়ে গেছে। পার্কের ভেতরে রয়েছে আবর্জনা। বিপজ্জনকভাবে চুলা জ্বালিয়ে রান্নাবান্নার কাজও চলে। বেড়ে গেছে বখাটেদের উৎপাতও।
গত মঙ্গলবার এলাকায় গিয়ে এই চিত্র ও তথ্য পাওয়া যায়। বছর খানেক আগে পার্ক এলাকায় গিয়ে অযত্ন-অবহেলার চিত্র পাওয়া গিয়েছিল। মঙ্গলবার দেখে মনে হয়েছে, পার্কটির স্থাপত্য সমৃদ্ধ রূপ প্রতিদিন আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঢাকা নিয়ে লেখা বিভিন্ন ইতিহাস গ্রন্থের বিবরণ অনুযায়ী, ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া কিছু সৈনিকের ফাঁসির দণ্ড এই পার্ক ময়দানে কার্যকর করা হয়। ব্রিটিশ শাসনামলে এটি ‘ভিক্টোরিয়া পার্ক’ নামে পরিচিত ছিল। পরে মোগল সম্রাট বাহাদুর শাহের নামে এর নামকরণ হয় বাহাদুর শাহ পার্ক।
পার্কের কাছের এলাকা রাজার দেউড়ির বাসিন্দা অপূর্ব ঘোষ প্রথম আলোকে বলেন, এই পার্ককে রাজধানীর সবচেয়ে পুরোনো পার্ক বলা হয়। অথচ বেশির ভাগ সময়ই এটি থাকে পরিচর্যার বাইরে। তাঁর কথার সূত্র ধরে দেখা যায়, পার্কের পূর্ব দিকের প্রবেশপথের ধারে জমে আছে আবর্জনা। মলমূত্রে ভরা। দেখা গেল ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার স্মারকস্তম্ভ এবং পশ্চিম অংশে শহীদদের সম্মানে স্থাপিত ভাস্কর্য ধুলায় ঢেকে আছে। মাঝখানের অষ্টকোণী ঝরনাটি প্রায়ই বন্ধ থাকে।
ছয়টির মতো স্থায়ী দোকানসহ আছে পান-সিগারেটের দোকান। দুটিতে ডাল-ভাতও বিক্রি হচ্ছে। ভাঙারির দোকানও রয়েছে। ভেতরে চোখে পড়ে ভ্যান গাড়ির সারি। চুলা জ্বালিয়ে বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে। এখানে-সেখানে ফেলে রাখা হয়েছে হাঁড়িপাতিল। আগের তুলনায় গাছের সংখ্যাও কমে গেছে। এলাকাবাসী বলেন, সুযোগ পেলেই গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পার্কের কাছাকাছি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সিটি করপোরেশন মহিলা কলেজ, সরকারি মুসলিম হাইস্কুল, কলেজিয়েট স্কুল, শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়, সূর্যমুখী উচ্চবিদ্যালয়। এ ছাড়া রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, নিম্ন আদালত। পার্কের বেঞ্চে কয়েকজন শিক্ষার্থীকে গল্প করতে দেখা যায়। আদালতে আসা কিছু লোকও জিরিয়ে নিচ্ছেন।
এলাকার দোকানি ও বাসিন্দারা অভিযোগ করেন, সন্ধ্যার পর পার্কটি চলে যায় মাদকাসক্ত আর বখাটেদের দখলে। ভোর রাত পর্যন্ত চলে নানা অসামাজিক কাজ।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, পার্কের নিরাপত্তা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব করপোরেশনের বিভিন্ন বিভাগের। অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে।