বাহাদুরশাহ পার্ক, সায়েদাবাদে নতুন গণশৌচাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক, সায়েদাবাদ বাস টার্মিনাল ও মিউনিসিপালিটি ফিলিং স্টেশনে গতকাল সোমবার নবনির্মিত চারটি অত্যাধুনিক গণশৌচাগার উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন৷ ওয়াটার এইডের সহযোগিতায় এসব গণশৌচাগার নির্মাণ করা হয়৷
আধুনিক ও দৃষ্টিনন্দন এই গণশৌচাগারগুলোতে নারী এবং পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ড ওয়াশিং, শাওয়ার এবং বিশুদ্ধ খাওয়ার পানির সুবিধা রয়েছে। এগুলোতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নতাকর্মী এবং নারী তত্ত্বাবধানকারী রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘পথচারী ও নারীদের জন্য এসব টয়লেট নির্মাণ করা হয়েছে৷ এভাবে নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন-সুবিধা উপহার দিতে চাই।’ ক্রমান্বয়ে ঢাকার বিভিন্ন স্থানে আরও ৪৭টি আধুনিক, নারীবান্ধব ও পরিচ্ছন্ন গণশৌচাগার তৈরি করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়াটার এইড বাংলাদেশের আঞ্চলিক পরিচালক এমডি খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি।