বাহাদুরশাহ পার্কে বিপণিবিতান নির্মাণ বন্ধে মামলা

নাটোরের ৬০ বছরের পুরোনো বাহাদুরশাহ পার্কে বিপণিবিতান নির্মাণ বন্ধের আদেশ চেয়ে আদালতে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে নাগরিক সমাজের পক্ষে তিনজন সদর উপজেলার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি করেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক মুষ্টিযোদ্ধা আজিজুর রহমান ও জেলার সুজনের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিবাদী করা হয়েছে নাটোর পৌরসভার মেয়র ও জেলা প্রশাসককে।
মামলার অভিযোগ, শহরের ঐতিহ্যবাহী বাহাদুরশাহ পার্ক বন্ধ করে পৌর কর্তৃপক্ষ সেখানে বিপণিবিতান নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। এখানে পার্ক নির্মাণ করা হলে শহরবাসী সেখানে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না। খেলাধুলার সুযোগ পাবে না। সর্বোপরি শহরের প্রাণকেন্দ্রে আলো বাতাস প্রবেশ করতে পারবে না। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন পৌরবাসী। এ কারণে পৌর কর্তৃপক্ষের বিপণিবিতান নির্মাণের উদ্যোগকে অবৈধ ঘোষণা করে নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে আদালতের বিচারক আসাফ উদ দৌলা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, জনস্বার্থে আমরা মামলা করা হয়েছে। আশা করছি আদালত নাগরিক স্বার্থের প্রতি গুরুত্ব দিয়ে পরবর্তী আদেশ দেবেন।