বাহাদুরি নিতে চাই: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত । ফাইল ছবি
আবুল মাল আবদুল মুহিত । ফাইল ছবি

দেশে আয় বৈষম্য বাড়ছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আয়বৈষম্য কমানোর চেষ্টা করছেন জানিয়ে তিনি এও বলেন, আমাদের নিচের স্তরেও যথেষ্ট আয় হচ্ছে। তাই চরম দারিদ্র্য নেই। এ কারণে বাহাদুরি নিতে চাই।

আজ রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি মনে করেন, আয়বৈষম্য বাড়ছে। কিন্তু এমন পর্যায়ে বাড়ছে না যে দেশে বিদ্রোহ হয়ে যেতে পারে। আগামী বাজেটে মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন হলেও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখনো হয়নি এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আগামী বছরে কাউন্সিল হবে।

ব্যাংক খাতের নানা অনিয়ম উদ্‌ঘাটন করার জন্য ব্যাংক কমিশন গঠনের একটি ইঙ্গিত অর্থমন্ত্রী এর আগে দিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, সম্প্রতি যেসব ঘটনা ঘটে গেছে সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ করার পর দেখা যাবে, ব্যাংক খাতে কমিশন গঠন করার দরকার আছে কি নেই। আগামী বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার একটি নির্দিষ্ট পর্যায়ে বাধ্যতামূলক করার চিন্তা আছে বলেও জানান মন্ত্রী।


আলোচনায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ইআরএফের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন, অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রমুখ।