বাহাদুরের বাহাদুরিতে অতিষ্ঠ জলঢাকাবাসী
নীলফামারীর জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুরের দাপটে অতিষ্ঠ জলঢাকা উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা। সরেজমিনে ঘুরে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। তবে ভয়ে কেউ মুখ খুলতে চান নি। ওয়াহেদ গত ৮ এপ্রিল জলঢাকা উপজেলা খাদ্য নিযন্ত্রকের কার্যালয় ভাঙচুর ও খাদ্য নিয়ন্ত্রককে লাঞ্ছিত করেন। এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডল ওই দিনই থানায় একটি মামলা করেন। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের টেবিল-চেয়ার ভাঙচুর করা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিছু বলব না, আপনারা খোঁজখবর নিন।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী বলেন, ‘ওয়াহেদকে নিয়ে অনেক ঘটনা আছে। আপনি নিজে খুঁজলে পাবেন। আমরা তাঁর কর্মকাণ্ডে লজ্জিত।’নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক সদস্য জানান, আবদুল ওয়াহেদ জলঢাকা পাইলট উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি শিক্ষক হয়ে যদি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালান, তাহলে ছাত্ররা তাঁর কাছ থেকে কী শিখবে!ওই সদস্য আরও জানান, গত বছর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহরাব হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগে আবদুল ওয়াহেদকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পরে ভুল স্বীকার করলে চার মাস পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আবদুল ওয়াহেদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন অতিষ্ঠ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চায় না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন জানান, ‘আবদুল ওয়াহেদ কোনো চিহ্নিত সন্ত্রাসী নন। খাদ্য কর্মকর্তার দপ্তরে ভাঙচুর—এটা একটা দুর্ঘটনামাত্র। সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’ জলঢাকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষক আবদুল ওয়াহেদ নিয়মিত স্কুলে আসেন। তবে গত দুদিন ধরে তিনি অনুপস্থিত আছেন।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডল অভিযোগ করে বলেন, জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ সরকারি চাল ক্রয় কার্যক্রমে ২০ মেট্রিক টন চাল তাঁর কাছে ক্রয়ের বরাদ্দ চান। বরাদ্দ না পেয়ে রোববার দুপুরে অফিসে এসে চুক্তিবদ্ধ চালকল মালিকদের তালিকা চান। চালকলের মালিকেরা নাকি বাইরে থেকে চাল কিনে গুদামে দিচ্ছেন—এমন অভিযোগ করে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন।খাদ্য কর্মকর্তা বলেন, ‘ওয়াহেদ একপর্যায়ে আমার টেবিলটি উল্টে দিয়ে অফিসের চেয়ার ও আসবাব ভাঙচুর করেন এবং আমাকে লাঞ্ছিত করেন। আর এই লাঞ্ছনার বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশ করা হবে বলে হুমকি দিয়ে যান।’আবদুল ওয়াহেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা রোববার দুপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে এবার কারা চাল দিচ্ছেন, তাঁদের তালিকা চেয়েছি।’ জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত বলেন, ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ ও জনৈক হায়দার আলী এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।