বাহারছড়া ইউনিয়নকে অপরাধমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নকে ডাকাতি, ধর্ষণ, মানব পাচার, বাল্যবিবাহ ও মাদকমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার জোরালো দাবি উঠেছে। গত শনিবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশ আয়োজিত ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। বাহারছড়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আকতার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহামঞ্চদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) ছত্রধর ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক। এ ছাড়া উখিয়া থানার ওসি আপ্পেলা রাজু নাহা, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানি, শিক্ষক মো. উল্লাহ, এম এ মঞ্জুর, অভিনেতা ইলিয়াস কোবরা বক্তব্য দেন। আওয়ামী লীগের নেতা সাইফুল্লাহ কোম্পানি বলেন, প্রায় প্রতিদিন ইয়াবা বড়িসহ কেউ না কেউ আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে। মাদকের পাশাপাশি ডাকাত প্রতিরোধে যানবাহন দেওয়া হলে কমিউনিটি পুলিশের সহযোগিতায় এসব অপরাধ প্রতিরোধ করা সম্ভব। শিক্ষক এম এ মঞ্জুর বলেন, এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় দখল করে পুলিশ ফাঁড়ি স্থাপন করায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়ে পাঠদান করতে হচ্ছে। তিনি শিক্ষার্থীদের কথা চিন্তা করে পুলিশের জন্য নির্ধারিত স্থানে ফাঁড়ি হস্তান্তরের দাবি জানান। পুলিশ সুপার সেলিম মোহামঞ্চদ জাহাঙ্গীর বলেন, জনগণের সহযোগিতা পেলে পুলিশ বাহারছড়া ইউনিয়নের পাশাপাশি পুরো টেকনাফ উপজেলাকে ডাকাতি, ধর্ষণ, বাল্যবিবাহ, মানব পাচার ও মাদকমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা বলেন, এখনো হোয়াইক্যং-বাহারছড়া সড়কে দিনের বেলায় পুলিশি পাহারায় জনসাধারণকে চলাচল করতে হচ্ছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। সভাপতির বক্তব্যে আকতার কামাল বলেন, মাদকদ্রব্যের ব্যবহারে এলাকার তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় কমিউনিটি পুলিশের সদস্যদের একটি করে টর্চলাইট ও বাঁশি দেওয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।