বাহারি আসবাবের মেলা

চারপাশে সাজানো রয়েছে অন্দরসজ্জার নানা সামগ্রী। সাজানো-গোছানো বসার ঘর। কোথাও শোবার ঘরের আদল—খাট, আলমারি, ড্রেসিং টেবিল। এক ছাদের নিচে এতসব আসবাবপত্র দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
৭ ডিসেম্বর থেকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘চট্টগ্রাম ফার্নিচার মেলা’। আয়োজক বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। অষ্টমবারের মতো আয়োজিত এই মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে মেলা।
গত শুক্রবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে দেখা গেছে, মেলার প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলেই দর্শনার্থীদের ভিড়। প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে রং-বেরঙের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। প্রদর্শিত প্রতিটি আসবাবপত্রেই নতুনত্বের ছোঁয়া। গতানুগতিক ধারা থেকে বের হওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানগুলো। মেলায় প্রদর্শিত হচ্ছে দৃষ্টিনন্দন সোফা, ইজিচেয়ার, ডাইনিং টেবিলসহ গৃহসাজের সব ধরনের আসবাব। এর বাইরে রয়েছে অফিস সাজানোর আসবাবপত্রেরও বিশাল সমাহার। দেশীয় উদ্যোক্তাদের তৈরি এসব আসবাব বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে।

স্টল কর্মীরা জানান, ক্রেতার সুবিধার কথা চিন্তা করে মেলায় ফরমাশ (অর্ডার) নিয়ে ঠিকানা অনুযায়ী ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে পণ্য কেনায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
মেলায় আসা সরকারি চাকরিজীবী আবুল কালাম বলেন, ‘আসবাবপত্র কেনার পর সেটি বাসায় নিয়ে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক প্রতিষ্ঠানই মেলা থেকে পণ্য কিনলে সেটি নিজেদের দায়িত্বে বাসায় পৌঁছে দেবে বলছে। এতে আমাদের ঝামেলা অনেকটাই কমবে।’
মেলা প্রাঙ্গণে কথা হয় ফার্নিচার মেলার আহ্বায়ক মাকসুদুর রহমানের সঙ্গে। তিনি জানান, এ বছর মেলায় অংশ নিয়েছে ৪০টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠান ঢাকার। মেলায় রয়েছে ১১টি প্যাভিলিয়ন।
মেলার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশীয় ফার্নিচারের প্রচার ও ক্রেতাদের ফার্নিচার পণ্যের গুণগত মান সম্পর্কে অবহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। প্রতিবছর দেশের ফার্নিচার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে এই খাতকে আরও বেশি শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’
মেলায় অংশ নেওয়া লিগেসি ফার্নিচারের ব্যবস্থাপক বিশ্বজিৎ সাধু জানান, ‘বিক্রি বাড়ানো নয়, মেলায় নিজেদের পণ্য ক্রেতাদের কাছে পরিচিত করাটাই তাঁদের মূল লক্ষ্য।’
মেলা উপলক্ষে ৫ থেকে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে বেশির ভাগ প্রতিষ্ঠান। স্বল্প আয়ের ক্রেতাদের কথা মাথায় রেখে কম দামি আসবাবও এনেছে অনেকে। এ ছাড়া ছোট বাসার উপযোগী আসবাবও রয়েছে।
মেলায় শৈল্পিক ফার্নিচারের প্যাভিলিয়নের ইনচার্জ প্রান্ত দাশ গুপ্ত বলেন, ‘নান্দনিক ডিজাইনের জন্য শৈল্পিক ফার্নিচারের সুনাম রয়েছে। এই মেলায় আমরা তৃতীয়বারের মতো অংশ নিয়েছি। এ বছর মেলায় আসা দর্শনার্থীর সংখ্যায় আমরা সন্তুষ্ট। ক্রেতাদের ভালো সাড়াও পাচ্ছি।’
মেলায় ঘুরতে আসা মেহজাবিন আহমেদ বলেন, ‘একই ছাদেও নিচে দেশের সেরা ব্র্যান্ডের ফার্নিচারের দোকানগুলো পাওয়ায় দেখেশুনে পণ্য কিনতে সুবিধা হচ্ছে।’