বাহারি নামের ও স্বাদের কাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাবাসীর কাবাবপ্রিয়তা সুবিদিত। আর রমজান মাসে ইফতারের আয়োজনে তা ভালো করেই চোখে পড়ে। কত রকম কাবাবই না বানান রাজকীয় মোগল-পাঠান রসুইঘরের ঐতিহ্য কিছুটা হলেও টিকিয়ে রাখা এ নগরের রন্ধনশিল্পীরা! সুতি কাবাব, চিকেন কাবাব, টিক্কা কাবাব, খাসির বটি কাবাব, বিফ শিক কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন ফুল রোস্ট কাবাব, খাসির লেগ কাবাব, জালি কাবাব, বিফস্টিক কাবাব ও শামি কাবাব। বাহারি এত সব কাবাব কিনতে ভিড়ও করছে মানুষ। যেন কাবাব না হলে ইফতারই হবে না।রাজধানীতে ইফতারির দুই জমজমাট বাজার বেইলি রোড ও চকবাজার এলাকায় গিয়ে এসব কাবাবের দেখা মেলে। ক্রেতারা জানালেন, ইফতারিতে বৈচিত্র্য আনতেই তাঁরা কাবাব কেনেন। তা ছাড়া তাঁদের অনেকের কাছে কাবাব এমনিতেও খুব প্রিয় খাবার।চকবাজারে সুতি কাবাব কিনতে এসেছিলেন ব্যবসায়ী নাজিমউদ্দিন। প্রথম আলোকে তিনি জানালেন, পরিবারের ছোট-বড় সবাই সুতি কাবাব পছন্দ করেন। তাই মিরপুর থেকে এসেছেন কাবাব কিনতে।দোকানি আবদুল হালিম বললেন, সুতি কাবাব খুবই স্বাদের। তাই সবাই কেনেন।হালিমের দোকানে প্রতিদিন ১৮-২০ কেজি কাবাব বিক্রি হয়। সুতি কাবাব বানাতে মাংসের কিমায় মসলা মাখিয়ে সুতা দিয়ে বিশেষভাবে পেঁচাতে হয়। এরপর দুই দিকে সাতটি করে ১৪টি ইটের চুলা বানাতে হয়। কাবাবের সম্ভার মুখরোচক আর দেখতে লোভনীয় হলেও সব দোকানের পরিবেশ যে স্বাস্থ্যকর, তা বলা যাবে না মোটেই। কোনো কোনো দোকানে ভালোভাবে নজর রাখলে হয়তো খাওয়ার ইচ্ছাটাও চলে যাবে। তার পরও ইফতারের আগে প্রচণ্ড ভিড় জমে যায় এই কাবাবের জন্য।চকবাজারের মতো ঐতিহ্য না থাকলেও বেইলি রোডের কাবাবের আয়োজনও মন্দ নয়। সেখানকার সবচেয়ে বড় ইফতারির দোকান ক্যাপিটাল ইফতার বাজারে ২০ থেকে ২৫ ধরনের কাবাব পাওয়া যাচ্ছে। ইস্কাটন এলাকার বাসিন্দা শায়লা চৌধুরী বেইলি রোডে কাবাব কিনছিলেন। প্রথম আলোকে তিনি জানালেন, প্রতিদিনই ইফতারে কোনো না কোনো বিশেষ ধরনের খাবার রাখার চেষ্টা করেন তিনি। আজ এসেছেন কাবাব কিনতে।ক্যাপিটাল ইফতার বাজারের স্বত্বাধিকারীদের একজন জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, তাঁদের দোকানে অন্তত ২০ ধরনের কাবাব পাওয়া যায়। দাম ৩০ থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত। তাঁদের দোকানের বিশেষত্ব জানতে চাইলে জালাল বলেন চিকেন রেশমি কাবাবের কথা। সাদা রঙের এই বিশেষ কাবাবটি নাকি রাজধানীর আর কোথাও পাওয়া যায় না। এর দাম প্রতি শিক ৮০ টাকা।