বাহারি নামের ঘোড়ার দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা রোববার মৌলভীবাজার স্টেডিয়ামে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে l প্রথম আলো
বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা রোববার মৌলভীবাজার স্টেডিয়ামে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে l প্রথম আলো

সকাল ১০টায় ঘোড়দৌড় শুরুর ঘোষণা দেওয়া হয়। তার আগেই মাঠে আসা শুরু করে লোকজন। ড্রাম বাজিয়ে, ট্রাকে চড়ে আসতে থাকে ঘোড়াও। সঙ্গে ঘোড়ার মালিক ও ঘোড়সওয়ার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আয়োজকেরা ঘোড়ার মালিকদের নাম নিবন্ধনের জন্য মাইকে ডাকতে থাকেন। আর নিবন্ধন শেষে একেকটি ঘোড়ার নাম ভাসতে থাকে স্টেডিয়াম এলাকায়। পঙ্খিরাজ, পবনরাজ, রাজদুলাল—এমন সব বাহারি নাম।

সকাল থেকে যে কুয়াশার চাদর ঝুলে ছিল মাঠের ওপর, দুপুর আসতেই সেই কুয়াশা কেটে যায়। ঝলমল করে ওঠে রোদ। নানা রং ও আকারের ঘোড়ায় উজ্জ্বল হয়ে ওঠে মৌলভীবাজার স্টেডিয়াম। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা গত রোববার আয়োজন করেছিল হারিয়ে যাওয়ার পথে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড়ের। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি একসময় হেমন্তের মাঠকে রাঙিয়েছে। এখন মাঠগুলো সংকুচিত হয়ে পড়া এবং মানুষের যান্ত্রিক জীবন খেলার উদ্যমকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তবু একেবারে হারিয়ে যে যায়নি, ঘোড়া ও দর্শকের উপস্থিতি সেই কথাই মনে করিয়ে দেয়।

বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থান থেকে ঘোড়াগুলো নিয়ে এসেছিলেন শৌখিন ঘোড়াপ্রেমিকেরা। তাঁরা শুধু প্রতিযোগিতার জন্যই ঘোড়া পোষেন। ঘোড়া নিয়ে ছুটে যান যেখানেই খেলা হয়, সেখানে। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ, সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর, হবিগঞ্জের চুনারুঘাটসহ বিভিন্ন স্থান থেকে ১৮টি ঘোড়া নিয়ে এসেছিলেন মালিকেরা। ঘোড়াগুলোর নামও বেশ। পঙ্খিরাজ, পবনরাজ, হৃদয়বাংলা, রাজদুলাল, মুক্তিযোদ্ধা, বাহাদুর, সোনারতরী, জং বাহাদুর, সোনার ময়না, সুপারস্টার, জঙ্গিরাজ, টিপু সুলতান, জালালি, মণিরাজ, বাংলার ফুল, সায়বাজ—এ রকম চমক দেওয়া একেকটি নাম।

গোয়াইনঘাট থেকে ঘোড়া নিয়ে এসেছিলেন পেশায় কৃষিজীবী শামছুল হক। তিনি বলেন, ‘প্রায় ১০ বছর ধরে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছি। এবারের ঘোড়াটা নতুন। কিনেছি দুই লাখ টাকা দিয়ে। যেখানে ঘোড়দৌড়ের খবর পাই, সেখানেই যাই। আয়োজকেরাও খবর দেন। এটা আমার একটা শখ। শখের কারণে এ রকম ঘোড়া নিয়ে প্রতিবছর বিভিন্ন স্থানে ছুটে যাই।’

একটি ঘোড়ার সঙ্গে থাকেন আরও অনেকে। এ রকম একজন শামছুদ্দিন বলেন, ‘গাড়িতে করে ঘোড়াগুলো নিয়ে এসেছি। শুধু দৌড়ের জন্যই এই ঘোড়া পোষা হয়। এটা আমাদের গ্রামবাংলার একটা ঐতিহ্য। আমরা ঘোড়দৌড়ে অংশ নিয়ে আনন্দ পাই।’

দুপুর ১২টার পর শুরু হয় ঘোড়দৌড়ের প্রতিযোগিতা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। মাইকে ঘোড়ার নাম ধরে ঘোষণা আসে। আর একসঙ্গে তিনটি করে ঘোড়া নিয়ে নির্দিষ্ট রেখা ধরে ছোটেন ঘোড়সওয়াররা। ঘোড়সওয়ারদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর। তারা বিভিন্ন স্থান থেকে এসেছে শুধু ঘোড়সওয়ার হতে। একেকটি ঘোড়া নিয়ে যেন তারা ডানা মেলে। দ্রুতবেগে ঘোড়া নিয়ে ছুটতে থাকে। তাদের এই তীব্রগতির ছুটে চলায় স্টেডিয়ামের হাজারো দর্শক উল্লাসে ফেটে পড়েন। প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় হয়েছে সিলেটের গোয়াইনঘাটের তিনটি ঘোড়া। প্রথম হয়েছে হৃদয়বাংলা, দ্বিতীয় পঙ্খিরাজ ও তৃতীয় সুপারস্টার।

পরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান প্রমুখ।