বাহারি ব্র্যান্ডের সমাহার চলছে কম দামের জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারফ্লেক্স, মার্ক স্পেন্সার, হাশপাপিশ, বালি, পিয়েরি কার্ডিন। বাহারি সব জুতার ব্র্যান্ড। জন্মস্থান হিসেবে বলা হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও ইতালির নাম। যেমন বাহারি নাম, তেমনি দাম। প্রতি জোড়া জুতার দাম সাড়ে তিন হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। আর স্যান্ডেল এক হাজার থেকে পাঁচ হাজার টাকা। বিক্রিও হচ্ছে। তবে রমজানের অষ্টম দিনে এসব বাহারি ব্র্যান্ডের চেয়ে কম দামের জুতার চাহিদাই বেশি দেখা গেছে। বিশেষ করে দেশীয় ও চীনা জুতার কদর ছিল বেশি। গতকাল বৃহস্পতিবার নিউমার্কেট ফুটওভারব্রিজের দুই পাশে গড়ে ওঠা জুতার দোকানগুলোতে বেশ ভিড় দেখা গেছে। ওই এলাকার প্রায় সব ক্রেতাই নারী ও শিশু। সবারই পছন্দ বাহারি রঙের স্যান্ডেল। দামও হাতের নাগালে, ১৫০-২০০ টাকা। মোহাম্মদপুরের গৃহিণী সাবিনা আক্তার বলেন, ‘এখান থেকে কম দামে পোশাকের সঙ্গে মিল রেখে বিভিন্ন রঙের স্যান্ডেল পাওয়া যায়। বড় শপিংমলগুলোতে উন্নত দেশের সিল লাগিয়ে চীনা জুতা গছিয়ে দেওয়া হয়। তাই সব সময়ের ব্যবহারের জন্য নিউমার্কেটের আশপাশের ভ্রাম্যমাণ দোকানগুলোই আমার পছন্দের।’ বাটা ও এপেক্সের শোরুমগুলোতে ভিড় বেশি হলেও বিক্রি কম।এখন পর্যন্ত জুতা ও স্যান্ডেলের বাজার নারী ও শিশুদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। দোকানিরা বলছেন, ২০ রমজানের পর থেকে পুরুষদের জুতা ও স্যান্ডেলের দাম বেড়ে যাবে। বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কিছু ব্যতিক্রম বাদ দিলে নগরের এলিফ্যান্ট রোড, পলওয়েল মার্কেট, বসুন্ধরা সিটি ও মৌচাক মার্কেটের সর্বত্রই চীনা জুতা ও স্যান্ডেলের ছড়াছড়ি। অনেক ক্রেতার পছন্দ থাইল্যান্ডের স্যান্ডেলও। তবে নিউমার্কেটের ভ্রাম্যমাণ দোকান, গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেট, বঙ্গবাজার ও মৌচাকে দেশীয় স্যান্ডেল ও জুতা কম দামে পাওয়া যাচ্ছে।নিউমার্কেট এলাকার স্যান্ডেলের দোকানদার মো. সেলিম বলেন, ‘এখন মহিলা ও শিশুদের স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে। দামে কম বলে এ এলাকায় সব সময় বিক্রি বেশি।’ এসব দোকানের বাইরে বাটা, এপেক্সসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও খ্যাতনামা ব্র্যান্ডগুলো ঈদ উপলক্ষে নতুন নতুন নকশার স্যান্ডেল ও জুতা বাজারে এনেছে। এলিফ্যান্ট রোড ও নীলক্ষেতের বলাকা সিনেমা হলসংলগ্ন বাটার শোরুমে বিভিন্ন বয়সের মানুষের ভিড় দেখা গেছে। তবে বিক্রয়কর্মীরা জানান, বিক্রি খুব একটা বাড়েনি। তরুণদের অধিকাংশই কেনার চেয়ে নতুন নকশার জুতা ও স্যান্ডেল ঘুরে ঘুরে দেখছেন। কথা হয় নর্দান ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী জাহিদ হাসান ও রুবেল আহমেদের সঙ্গে। বাটা, এপেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের জুতা ঘুরে ঘুরে দেখছেন দুই বন্ধু। দাম ও পছন্দ এক হলেই কিনবেন। বাটার এলিফ্যান্ট রোডের শোরুমের ব্যবস্থাপক আলী হোসেন জানান, ঈদ উপলক্ষে তাঁরা প্রায় ৩০০ নতুন নকশার জুতা ও স্যান্ডেল এনেছেন। দাম ৫০০ থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত।