বাহারি মাছে মাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারা নদীর পাড়ে ঢুকতেই টের পাওয়া যায় বাতাসে তরতাজা মাছের আঁশটে ঘ্রাণ। চারপাশের ডালায় সাজানো অগুনতি নানা জাতের মাছ শীতের মিঠেকড়া রোদে চকচক করছে। কুশিয়ারার তীরে হাজারো মানুষের ভিড়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেনি। অনেকে এসেছে মাছ দেখতে।মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের মাছের মেলার দৃশ্য এটি। প্রতিবছর পৌষ সংক্রান্তি উপলক্ষে সংক্রান্তির আগের দিন এখানে এই মাছের মেলা বসে থাকে।গতকাল শনিবার মাছের মেলায় গিয়ে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কুশিয়ারা তীরমুখী হাজারো মানুষের স্রোত। কুশিয়ারার তীরজুড়ে মাছ নিয়ে বসেছেন প্রায় হাজার খানেক খুচরা বিক্রেতা। তাঁরা বিভিন্ন স্থান থেকে ও আড়ত থেকে মাছ কিনে এনে এখানে বিক্রি করছেন।মাছবিক্রেতা মো. মধু মিয়া বলেন, ‘পাঁচ বছর ধরে এই মেলায় মাছ বিক্রি করছি। সুন্দর মাছ নিয়ে এসেছি। কিন্তু বিক্রি হচ্ছে না। ক্রেতা কম।’ মধু মিয়া জানান, তিনি পাঁচ লাখ টাকার মাছ নিয়ে এসেছেন। তাঁর ডালায় সাজিয়ে রাখা হয়েছে বেশ বড়সড় আকারের মাছ। দামও হাঁকা হচ্ছে সেভাবেই। প্রায় ১০-১১ কেজি ওজনের একটি কাতলার দাম চাইলেন ১২ হাজার, ১৩ কেজি ওজনের একটি আইড় ২২ হাজার, আট কেজি ওজনের বোয়াল আট হাজার, ১৩ কেজির চিতল ২৫ হাজার ও আট কেজি ওজনের একটি রুই ১১ হাজার টাকা।মাছবিক্রেতা টিটু মিয়া বললেন, ‘১৫ বছর ধরে মেলায় আসছি। মাছের আমদানি আছে, খারাপ না। প্রচুর মানুষ আসছে। যদি শেষ পর্যন্ত সব মাছ বেচতে পারি, তবে লাভ হবে।’ তিনি জানান, ১৫ থেকে ২০ কেজির রুই ১০-১৫ হাজার টাকায় বিক্রি করেছেন। এখানে মাছ কিনতে শুধু মৌলভীবাজার বা বৃহত্তর সিলেট অঞ্চলের লোকজনই আসে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে।নরসিংদীর বাবুরহাট থেকে দল বেঁধে এসেছেন মো. নাসির। তিনি বলেন, ‘এসেছিলাম বাঘ (বাঘাইড়) মাছ কিনতে। কিন্তু বড় বাঘ মাছ পাইনি।’ মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলক্যবিজয়ের রত্না রানী বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘মাছ কিনতে আসছিলাম। পছন্দ হয়নি।’শেরপুরের মাছের মেলাতে মাছ প্রধানতম উপাদান হলেও অন্যান্য জিনিসেরও কমতি নেই। বেত-বাঁশ, কাঠ, লোহা ও মাটির তৈরি নানা রকম পণ্য। শিশুদের খেলনা, সবজি-আনাজ, খাদ্যসামগ্রী—অনেক ধরনের লোকজ পণ্য মেলার সহস্রাধিক দোকানে ছড়িয়ে-ছিটিয়ে আছে।