বাহিনীর নাম করা হবে পাবলিক সিকিউরিটি ফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) আধুনিকায়ন এবং আরও বেশি জনঘনিষ্ঠ করে জনগণের বাহিনীতে পরিণত করা হবে। এ জন্য এ বাহিনীর নাম পরিবর্তন করে নিরাপত্তা বাহিনী বা পাবলিক সিকিউরিটি ফোর্স করার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার বান্দরবান জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।অ্যাডজুট্যান্ট আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। এতে জেলার সাতটি উপজেলা থেকে নারী ভিডিপি ও ব্যাটালিয়ন আনসারের শতাধিক সদস্য উপস্থিত থেকে তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা মহাপরিচালকের কাছে তুলে ধরেন। মহাপরিচালক তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন। আনসার ও ভিডিপির মহাপরিচালক বলেন, সর্বস্তরের সদস্যদের বেতন-ভাতা বাড়ানো হবে। এ বাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করে আরও বেশি জনগণের কাছাকাছি নিয়ে জনগণের বাহিনীতে পরিণত করা হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে একটিসহ দেশে আরও ছয়টি আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বান্দরবানের লামায় বিদ্যমান প্রশিক্ষণ কেন্দ্র আরও সম্প্রসারণ করা হবে বলে মহাপরিচালক জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক মাহবুবুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মিজানুর রহমান প্রমুখ। এর আগে মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে সুয়ালক ২০ আনসার ব্যাটালিয়নের দরবারে যোগ দেন।