বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পাচ্ছেন না রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন। ওই দুজনের একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যিনি প্রশাসনিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। অন্যজন ডেন্টাল সার্জন। তিনি দাঁতের রোগী ছাড়া অন্যসব রোগীকে চিকিৎসা দিতে পারছেন না। ফলে প্রতিদিন হাসপাতালে আসা অধিকাংশ রোগীকেই চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি (বর্তমানে ৫০ শয্যায় রূপান্তর হলেও এখনো উদ্বোধন হয়নি) বাহুবল ছাড়াও পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ থানার কয়েকটি ইউনিয়নসহ প্রায় দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র অবলম্বন।হাসপাতালটিতে বর্তমানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া), সহকারী ডেন্টাল সার্জন, চিকিৎসা কর্মকর্তাসহ সাতটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদটি শূন্য থাকায় হাসপাতালের প্যাথলজি বিভাগটি এক মাস ধরে বন্ধ।বাহুবল কলেজের প্রভাষক মো. সামছুল ইসলাম সম্প্রতি এক আত্মীয়কে নিয়েছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসা করাতে পারেননি। তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে শুনি, ডাক্তার দুজনের একজন দাপ্তরিক কাজে গেছেন জেলা সিভিল সার্জন অফিসে, অন্যজন ডেন্টিস্ট। তিনি দাঁতের রোগী ছাড়া অন্য রোগী দেখেন না। এভাবে একটি উপজেলা সদরের হাসপাতাল চলতে পারে না।’ উপজেলার স্নানঘাট গ্রামের আমেনা বেগম (৪৫) বলেন, ‘১০০ টাকা খরচ কইরা আইছলাম বড় ডাক্তার দেখাইতাম, আইয়া দেকি ডাক্তার নাই।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবপদ রায় বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বারবার লিখে যাচ্ছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’প্যাথলজি বিভাগে বন্ধ থাকা বিষয়ে তিনি বলেন, ‘প্যাথলজি বিভাগটি বন্ধ থাকায় রোগীরা বিপাকে পড়েছে। ওই পদটিতে দ্রুত নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরেও যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এ মাসের (ডিসেম্বর) মধ্যেই নতুন লোক পাওয়া সম্ভব হবে।’