বাহুবলে কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন
হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান ডিগ্রি কলেজে গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করেছেন হবিগঞ্জ-সিলেট নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
কলেজ সূত্রে জানা গেছে, এই প্রথম হবিগঞ্জের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। প্রতিকৃতিটি কলেজের সম্মুখভাগে স্থাপন করা হয়েছে। ৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।
প্রতিকৃতি উদ্বোধনকালে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর পরিচিতি ও তাঁর আদর্শ তুলে ধরার জন্যই এ প্রতিকৃতি কলেজের সামনে স্থাপন করা হয়েছে। কারণ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কোনো দলের নন, তিনি সর্বজনীন।
প্রতিকৃতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।