বাহুবলে চার শিশু হত্যায় সরাসরি জড়িত নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় সরাসরি নয়জন জড়িত। গতকাল বুধবার আসামি ছায়েদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। এ নিয়ে এ হত্যা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা আসামি ছায়েদ আলীকে (৩২) গতকাল কড়া নিরাপত্তায় বেলা ১১টায় হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। বেলা একটায় বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে তাঁকে হাজির করা হয়।
জবানবন্দিতে ছায়েদ আলী বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনিসহ নয়জন সরাসরি অংশ নেন। অন্যরা হলেন সুন্দ্রাটিকির পঞ্চায়েত নেতা আবদুল আলী, তাঁর তিন ছেলে রুবেল, জুয়েল ও বিল্লাল, একই গ্রামের আরজু মিয়া, র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত বাচ্চু মিয়া, বাবুল ও তাঁর ভাই উস্তার মিয়া এবং জয়নাল। বিল্লাল, বাবুল, উস্তার মিয়া ও জয়নাল পলাতক রয়েছেন।
মামলার তদন্তের দায়িত্বে থাকা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. মুকতাদির হোসেন ছায়েদ আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে তিন আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে ছায়েদ আলীর বক্তব্যের মিল রয়েছে। এর আগে জুয়েল ও তাঁর ছোট ভাই রুবেল এবং আরজু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এক সপ্তাহ আগে র্যা ব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকা থেকে বাচ্চু মিয়া ও ছায়েদ আলীকে গ্রেপ্তার করে। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ আসামি বাচ্চু মিয়া মারা যান। ছায়েদ আলীকে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ দুই দফায় আট দিন রিমান্ড নেয় তাঁকে।
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের কাছের একটি ছড়া থেকে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশুর বালুচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। শুভ, তাজেল ও মনির সম্পর্কে চাচাতো ভাই। ইসমাইল তাদের প্রতিবেশী। এ ঘটনায় নিহত শিশু মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেন।