বাহুবলে চার শিশু হত্যায় সরাসরি জড়িত আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও একজন গতকাল রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হবিগঞ্জ বিচারিক হাকিম কৌশিক আহমদ খোন্দকারের আদালতে দেওয়া জবানবন্দিতে জুয়েল মিয়া নামের ওই ব্যক্তি বলেছেন, ছয়জন নয়, হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন আটজন।
স্বীকারোক্তিতে জুয়েল জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ছাড়াও তাঁর বাবা আবদুল আলী, ছোট ভাই রুবেল, বড় ভাই বিল্লাল, চাচাতো ভাই সায়েদ আলী, তাঁদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বাবুল মিয়া, প্রতিবেশী আরজু এবং অটোরিকশাচালক বাচ্চু মিয়া সরাসরি যুক্ত ছিলেন।
এর আগে জুয়েলের ছোট ভাই রুবেল মিয়া গত শুক্রবার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি তাঁর বাবা ও বড় ভাই জুয়েলকে অভিযুক্ত করেননি তাঁর জবানবন্দিতে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে জুয়েলকে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে আনা হয়। বিকেল চারটার দিকে হাজির করা হয় হবিগঞ্জ বিচারিক হাকিম কৌশিক আহমদ খোন্দকারের আদালতে। সেখানে দেওয়া জবানবন্দিতে জুয়েল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরা আটজন সরাসরি জড়িত ছিলেন ও অংশ নেন। পাশাপাশি আরও অনেকের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। পঞ্চায়েতের দ্বন্দ্বের কারণেই মূলত এ চার শিশুকে হত্যা করা হয়। গ্রামের পঞ্চায়েত নিয়ে দ্বন্দ্ব আছে অনেক দিন ধরে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন তাঁর বাবা আবদুল আলী। অপর পক্ষে আছেন আবদুল খালেক মাস্টার। নিহত চার শিশুর পরিবার খালেক মাস্টারের সমর্থক। তাঁরা নানা সময় তাঁর বাবা আবদুল আলীকে গালমন্দ করতেন। বিশেষ করে বাচ্চু ও আরজুর ক্ষোভ ছিল নিহত শিশুদের পরিবারের প্রতি। এ দুজন বেশ কয়েকবার লাঞ্ছিত হন প্রতিপক্ষের দ্বারা।
জবানবন্দি শেষে আদালত জুয়েলকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জুয়েলের স্বীকারোক্তি থেকে আরও দুই ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য বের হয়ে এসেছে। যে আটজনের নাম এসেছে তাঁদের মধ্যে চারজন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল (২০) ও রুবেল (১৮) এবং তাঁদের প্রতিবেশী আরজু মিয়া (৪০)।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোক্তাদির হোসেন বলেন, যে অটোরিকশা ব্যবহার করে শিশুদের হত্যা করা হয় তা জব্দ করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত শাবল, বস্তাসহ নানা উপকরণও উদ্ধার করা হয়েছে।
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পাশের একটি ছড়া থেকে গত বুধবার চার শিশুর বালুচাপা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। শুভ, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। ইসমাইল তাদের প্রতিবেশী।