বাহুবলে চালক ও সহকারী ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল শুক্রবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক ও তাঁর সহকারী নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকের চাপায় গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলা শহরের বাসিন্দা হাফিজুর রহমান (৪৫) ও রজব আলী (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের আমেনা খাতুন (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে হবিগঞ্জ জেলা সদরের উদ্দেশে একটি যাত্রীবাহী লোকাল বাস ছেড়ে আসে। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গি সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের চালক হাফিজুর রহমান, তাঁর সহকারী রজব আলীসহ ১০ জন আহত হয়। হাফিজুর রহমান ও রজব আলীকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের অধিকাংশই লোকাল বাসের যাত্রী ছিল। তাদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের দুজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্য ছয়জন বাহুবল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বাস দুটি আটক করা হয়েছে। পরে লাশ ও বাস দুটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, সিলেটগামী বাসের আরোহীরা সবাই বনভোজনে যাচ্ছিল। ওই গাড়ির লোকজন তেমন আহত হয়নি। তবে লোকাল বাসের চালক ও সহকারী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর গরু বাজার এলাকায় আমেনা খাতুন সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মইনুর রহমান জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।