বাহুবলে ট্রাক-কার মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারের চালকসহ চারজন নিহত ও এক যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ট্রাক ও কারটি রাস্তার ওপর পড়ে থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাদিরপুর গ্রামের আজমল আলী যদু মিয়া (৬৫), একই উপজেলার জাতীয় পার্টির সহসভাপতি শেখপাড়া গ্রামের হারুনুর রশিদ (৭২), কারচালক নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়া (৩৫) ও জালালপুর গ্রামের রেজা মিয়া (৩০)। আহত যাত্রীর নাম কাইয়ুম (৩৫)। তাঁর বাড়ি জালালপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দক্ষিণ সুরমা থেকে চারজন যাত্রী নিয়ে ওই প্রাইভেট কারটি ঢাকা যাচ্ছিল। সকাল আটটার দিকে কারটি দৌলতপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়। কারের যাত্রী হারুন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ওই কারের আহত যাত্রীদের সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর ফারুক, যদু মিয়া ও রেজা মিয়া মারা যান। কাইয়ুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ প্রথম আলোকে জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার শিকার ট্রাক ও কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।