হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে বাসশ্রমিকদের হামলায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা গতকাল রোববার দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। পরে স্থানীয় নেতাদের ও প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। আহত মাদ্রাসা সুপার বদরুদ্দুজা সেলিমকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার বনগাঁও নুরে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ছয়জন শিক্ষার্থী জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষা দিতে যাওয়ার জন্য ‘মিতালী’ পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করে। এ সময় হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের একটি বাসের (চট্টগ্রাম-জ-২৪৬১) শ্রমিকেরা তাদের মিতালী পরিবহনে উঠতে বাধা দেয়। বদরুদ্দুজা সেলিম এ ঘটনার প্রতিবাদ করলে শ্রমিকেরা তাঁর ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার ছাত্র ও স্থানীয় লোকজন সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানসহ র্যাব-পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের অনুরোধে জনতা অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয়। তবে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের বাসগুলো বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির গতকাল প্রথম আলোকে বলেন, বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কাল (আজ সোমবার) বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, সালিসি বৈঠক সম্পর্কে তিনি অবগত নন।