বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ৩২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করেছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে উপজেলার জারিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাহুবল সদর ইউনিয়নের জারিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে রহমত আলী ও আবরু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে রহমত আলীর পক্ষের লোক আফসর মিয়া গ্রামের পার্শ্ববর্তী হাওরে হাঁস ছাড়তে যান। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর একটার দিকে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় জারিয়া গ্রামের মো. আউয়াল, ফারুক মিয়া, অলি মিয়া, মো. আবুবক্কর, জয়নাল আবেদিন, নূরুন্নাহার বেগম ও রসুলপুর গ্রামের রিফাত উল্লাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ, নবীগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজ্ঞান চাকমা ও সিরাজুল ইসলাম এবং বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করে।ওসি সৈয়দুজ্জামান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১০টি ফাঁকা গুলি ছোড়া হয়।